প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৬, ১৭:৫৯
চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘ইএসসি সুপার লিগ ২০২৬, সিজন-০১ (ফুটবল)’-এর শিরোপা জিতেছে বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচ। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ২৮তম ব্যাচ।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (পুরাতন) অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান।
পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। গত ১ নভেম্বর শুরু হওয়া চার দিনব্যাপী এ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সাতটি ব্যাচের সাতটি দল অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা জোরদার করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. সফিকুল বারী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ নেতৃত্ব গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো খেলাধুলা। পড়াশোনার পাশাপাশি এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও দলগত চেতনা তৈরি করে। এসব গুণ তরুণ প্রজন্মকে ভবিষ্যতে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া আয়োজনের গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে। টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন ও সমাপ্ত করায় স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মণ্ডলী এবং এক্সিকিউটিভ কমিটির সদস্যদের ধন্যবাদ জানান উপাচার্য।
উল্লেখ্য, এবারের ইএসসি সুপার লিগে বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচ চ্যাম্পিয়ন এবং ২৮তম ব্যাচ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: