প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৬, ২১:৪৯
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মহল্লার ঈদগাহ মাঠে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীন বটগাছ। স্থানীয়দের ধারণা, গাছটির বয়স প্রায় ৪০০ বছর কিংবা তারও বেশি। তবে এর সুনির্দিষ্ট বয়স সম্পর্কে কারও কাছে নিশ্চিত তথ্য নেই।
শতাব্দীর পর শতাব্দী ধরে বিস্তৃত ডালপালা ও মাটিতে গেঁথে যাওয়া অসংখ্য স্তম্ভমূলের কারণে গাছটির মূল কাণ্ডও এখন আলাদা করে চেনা কঠিন। প্রায় এক বিঘা জমিজুড়ে ছায়া বিস্তার করা এই বটগাছটি বর্তমানে পুরো এলাকার পরিচয়, ইতিহাস ও গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
তবে আজ যে বটগাছটি এলাকার ঐতিহ্যের অংশ, প্রায় ২১ বছর আগে সেই গাছটিই কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০০৫ সালে ঈদগাহ মাঠ সম্প্রসারণের কথা বলে গাছটি কাটার প্রস্তুতি নেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, এর আড়ালে গাছ বিক্রি করে আর্থিক লাভের পরিকল্পনাও ছিল একটি চক্রের।
গাছ কাটার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছালে এর প্রতিবাদে এগিয়ে আসেন গ্রামের প্রবীণ বাসিন্দা মফিজ উদ্দিন। তিনি ঘোষণা দেন, ‘এই গাছের মধ্যে আমারও ভাগ আছে। আমি আমার ভাগ বিক্রি করব না।’
ঈদগাহ মাঠ যেহেতু পুরো গ্রামের সম্পদ, তাই গাছটির মালিকানাও সবার—এমন যুক্তিতে তিনি গাছটি রক্ষার উদ্যোগ নেন। তাঁর আহ্বানে পাশে দাঁড়ান স্থানীয় গৌরাঙ্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন শিক্ষক আবদুল লতিফ এবং কৃষক আলী আফজাল খাঁ। পরে আবদুল লতিফ বিষয়টি বন বিভাগকে অবহিত করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের তৎকালীন কর্মকর্তা মো. ইউসুফ আলী। তিনি বর্তমানে রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডেপুটি রেঞ্জার হিসেবে কর্মরত।
তৎকালীন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাজ মো. জাকির হোসেনের নির্দেশে ইউসুফ আলী গাছটির সরকারি মূল্য নির্ধারণ করতে ঘটনাস্থলে যান।
স্থানীয়দের অভিযোগ, গাছ কাটার পক্ষে থাকা কয়েকজন ব্যক্তি বন কর্মকর্তাকে ৫০০ টাকা ঘুষ দিয়ে গাছটির মূল্য কম দেখানোর চেষ্টা করেন। উদ্দেশ্য ছিল, পরবর্তী সময়ে নামমাত্র দামে গাছটি কিনে আর্থিকভাবে লাভবান হওয়া। তবে ইউসুফ আলী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
এ সময় ঘটনাক্রমে সেখানে উপস্থিত হন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) তৎকালীন নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান। তিনিও গাছ কাটার বিরোধিতা করেন। পরে সংশ্লিষ্টদের মতামত ও পরিস্থিতি বিবেচনায় ইউসুফ আলী গাছটির সরকারি মূল্য ১ লাখ ৩৭ হাজার টাকার বেশি নির্ধারণ করেন।
তাতেও গাছ কাটার উদ্যোগ পুরোপুরি থেমে যায়নি। ইউসুফ আলীর বদলির পর আরও দুবার নতুন করে গাছটির মূল্য নির্ধারণের চেষ্টা করা হয়। তবে পরবর্তী কর্মকর্তারাও আগের নির্ধারিত মূল্যের নিচে মূল্য নির্ধারণ করেননি। শেষ পর্যন্ত উচ্চমূল্যের কারণে গাছ কাটার উদ্যোগ পরিত্যক্ত হয়। ফলে রক্ষা পায় শতবর্ষী এই বটবৃক্ষ।
প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে গবেষণা সংস্থা ‘বারসিক’ গাছটি রক্ষায় ভূমিকা রাখা তিন ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করে। তাঁরা হলেন—বর্তমানে ৭৮ বছর বয়সী মফিজ উদ্দিন, ৭৫ বছর বয়সী আলী আফজাল খাঁ এবং ৭০ বছর বয়সী আবদুল লতিফ।
বর্তমানে ময়েনপুরের এই বটগাছ শুধু একটি প্রাচীন বৃক্ষ নয়; এটি এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং মানুষের সম্মিলিত প্রচেষ্টায় প্রকৃতি রক্ষার এক অনন্য দৃষ্টান্ত। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ গাছটি দেখতে আসেন। যে গাছটিকে একসময় কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল, আজ সেই গাছই বিশাল ছায়া বিস্তার করে আগলে রেখেছে পুরো ময়েনপুরকে।
মাসুম পারভেজ/ই.ই
মন্তব্য করুন: