[email protected] ঢাকা | শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬, ১লা কার্তিক ১৪৩৩
thecitybank.com

রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৬ অক্টোবার ২০২৬, ২০:৫৮

ছবি: সংগ্রহীত

মহাষষ্ঠীতে মাতৃত্ব ও শক্তির প্রতীক দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সকালে দেবীর নিদ্রাভঙ্গের আবাহন অর্থাৎ বোধনের মাধ্যমে রাজশাহীতেও শুরু হয়েছে দুর্গোৎসবের আচার পর্ব।

রাজশাহীর মন্দিরে মন্দিরে ষোড়শ উপচারে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হচ্ছে। ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে শুরু হয়েছে পূজার মূল আচার। এ বছর রাজশাহী মহানগরীতে ৮৫টিসহ পুরো জেলায় মোট ৪৮৯টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব।

সকাল থেকেই রাজশাহীর মণ্ডপগুলোতে ষষ্ঠীর দিনে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা চলছে। পূণ্যার্থীরা নানা রঙের বাহারি পোশাক পরে উৎসবের আনন্দে মেতে উঠেছেন এবং ভিড় জমাচ্ছেন মণ্ডপে মণ্ডপে।

প্রচলিত নিয়মে দুর্গাপূজা মূলত মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে উদযাপিত হয়। তবে পঞ্জিকা অনুযায়ী এ বছর সপ্তমীর তিথি দুদিন পড়ায় শারদীয় দুর্গোৎসব এক দিন বেড়ে চলবে টানা ছয় দিন। সেই হিসেবে আগামী ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের উৎসব।

এদিকে, সার্বজনীন এই ধর্মীয় উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহীর প্রতিটি মণ্ডপে আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর