[email protected] ঢাকা | মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬, ২৬শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

গোয়েন্দাদের নিষ্ক্রিয়তা ও সরকারের পরোক্ষ সহযোগিতা ছাড়া ফ্যাসিস্টদের পক্ষে তাণ্ডব চালানো অসম্ভব: গোলাম পরওয়ার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১০ নভেম্বার ২০২৬, ২২:১০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি/সংগ্রহীত

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় সরকারের ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া ফ্যাসিস্টদের পক্ষে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সরকার ব্যর্থতার দায় এড়াতে পারে না।

১০ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে ককটেল বিস্ফোরণ, বাস ও অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে। কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো এসব ঘটনা দমনে ব্যর্থ হচ্ছে। তিনি সরকারের এই ব্যর্থতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট, আদালতের সামনে সহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহন ও সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগের। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফরিদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়।

গোলাম পরওয়ার আরও বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের রায় কার্যকর না করা এবং সংবিধান ও রাষ্ট্র কাঠামোয় সংস্কার না করার ফলে ফ্যাসিস্টরা এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে। পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের বিস্ময়কর নিষ্ক্রিয়তা এবং এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়। এজন্য বিএনপি সরকার এসব সন্ত্রাসী কার্যক্রমের দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরিকদের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় বিভিন্নভাবে সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিলেও বিএনপি সরকার তাতে কর্ণপাত করছে না। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট আরও গভীর হয়েছে। জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতায় সৃষ্ট সংকট বিরোধী দলের ওপর চাপানোর অপকৌশল নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধী দলের ওপর চাপানোর সরকারের দুরভিসন্ধি সফল হবে না বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা ও বিস্ফোরণের ঘটনা সরকারকে কঠোর হাতে দমন করতে হবে। তা না হলে এর ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।

ফ্যাসিস্টদের প্রতিরোধে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান ও রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন আনার আহ্বান জানান তিনি। অন্যথায় জনগণের ন্যায্য দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে, যা সরকারের জন্য উভয় সংকট তৈরি করবে বলে হুঁশিয়ারি দেন। একই সঙ্গে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর