প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৬, ১৬:২০
গত ২ বছরে বিএনপির বেপরোয়া রাজনীতিতে দেশবাসী অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে সাদিক কায়েম লিখেন, জুলাই বিপ্লবের পর থেকে বিএনপির সন্ত্রাসী রাজনীতির বলি হয়েছেন অসংখ্য মানুষ। বিএনপির সন্ত্রাসের শিকার মিটফোর্ডে পাথরকাণ্ডে নিহত সোহাগের নিথর দেহ দেখে কেঁদেছিল পুরো দেশ। এবার নিজ দলের ক্যাডারদের হাতে নিহত হলেন নাটোর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। বিএনপির এমপির দুই ছেলের বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
তিনি লিখেন, স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একজন নেতা নিহত হওয়ার পরও কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপির নির্বাক অবস্থান বিস্ময়কর। প্রতিবাদও যদি দলীয় স্বার্থ আর রাজনৈতিক হিসাব-নিকাশের কাছে জিম্মি হয়ে পড়ে, তবে সেই ক্ষমতা ও প্রতিহিংসার রাজনীতি দেশের জন্য ক্ষতিকর।
তিনি আরও লিখেন, গত ২ বছরে বিএনপির বেপরোয়া রাজনীতিতে দেশবাসী অতিষ্ঠ। দলীয় প্রশ্রয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, ধর্ষণসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীরা। অপরাধ যত গুরুতর হোক না কেন নামেমাত্র বহিষ্কার করে এসব অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রতিহিংসার রাজনীতি আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের পাশাপাশি নিজ দলের নেতাকর্মীরাও তাদের হাতে নিরাপদ নয়।
সবশেষে তিনি বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে লিখেন, বিএনপিকে এই সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে হবে, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। অন্যথায় জনগণের ঘৃণা ও প্রত্যাখ্যানের মুখে এই অপরাজনীতির করুণ পরিণতি বরণ করতে হবে।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: