প্রকাশিত:
১৪ সেপ্টেম্বার ২০২৬, ২২:১৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও শিবগঞ্জ পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এসব কমিটির স্বাক্ষরে গঠিত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোও অগ্রহণযোগ্য বলে ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা ও পৌর কমিটি গঠনের ক্ষেত্রে জেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষর আবশ্যক। কিন্তু জেলা বিএনপির সদস্য সচিবের স্বাক্ষর ছাড়াই শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুটি আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়, যা সাংগঠনিক বিধি অনুযায়ী বৈধ নয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মো. আশরাফুল হক (আশরাফ চেয়ারম্যান)-কে আহ্বায়ক ও মো. তৌসিকুল ইসলামকে সদস্য সচিব করে শিবগঞ্জ উপজেলা বিএনপির এবং মো. শফিকুল ইসলামকে আহ্বায়ক ও মো. আলমগীর কবির (জুয়েল)-কে সদস্য সচিব করে শিবগঞ্জ পৌর বিএনপির যে কমিটি প্রকাশ করা হয়েছিল, তা অসাবধানতাবশত দুইজনের স্বাক্ষরে প্রকাশিত হয়। ফলে এসব কমিটি এবং তাদের মাধ্যমে গঠিত ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সালের ২৬ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে আশরাফুল আলম রশিদকে আহ্বায়ক এবং মো. হায়াত উদ্দৌলাকে সদস্য সচিব করে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে আশরাফুল আলম রশিদ স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মবীনুর রহমান মিয়া ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
এছাড়া মো. জিল্লুর রহমানকে আহ্বায়ক ও মো. মতিউর রহমান লিটনকে সদস্য সচিব করে গঠিত শিবগঞ্জ পৌর বিএনপির কমিটিকেই বৈধ ও সাংগঠনিকভাবে স্বীকৃত কমিটি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: