[email protected] ঢাকা | শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৬, ২০শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে চালকদের মাঝে গেঞ্জি বিতরণ ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩ সেপ্টেম্বার ২০২৬, ১৯:৪৫

অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চালক ও ট্রাক ড্রাইভারদের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। প্রধান অতিথির বক্তব্যে তিনি সড়ক নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে বলেন, "প্রতিদিন যানবাহন নিয়ে বের হওয়ার সময় আমাদের পরিবারের কথা মনে রাখতে হবে। রাস্তায় গাড়ি চালানোর সময় মাথায় রাখতে হবে, বাড়িতে আমাদের ফেরার জন্য স্বজনরা অপেক্ষা করছেন।"

তিনি চালকদের উদ্দেশ্যে আরও বলেন, গাড়ি চালানোর সময় অবশ্যই ড্রাইভিং লাইসেন্স, হালনাগাদ কাগজপত্র ও হেলমেট ব্যবহার করতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। তবেই দেশে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে শাহিন শওকত বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের ব্যাপক লুটপাটের কারণে বর্তমানে সাময়িক বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তবে দ্রুতই এ সমস্যার সমাধান হবে এবং গ্রাম থেকে শহর—সবখানেই ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। এ সময় সরকারের প্রতি সমালোচনা বন্ধ রেখে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অন্তত দুই বছর পর্যবেক্ষণ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিবগঞ্জ থানার তদন্ত ওসি আনিসুর রহমান ও জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর রাশিদুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তারাও চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার নির্দেশনা দেন।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোঃ জিন্নুর রহমান, সদস্য সচিব মতিউর রহমান লিটিল বিশ্বাস ও জেলা বিএনপির সদস্য মোঃ সারেফ।

শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: জামাল উদ্দীন অপুর সঞ্চালনায় এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহা: জায়েদুল ইসলাম জাহিদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

পরবর্তীতে প্রধান অতিথি সৈয়দ শাহিন শওকত উপস্থিত মোটরসাইকেল ও ট্রাক চালকদের ট্রাফিক আইন মেনে চলার শপথ বাক্য পাঠ করান।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর