[email protected] ঢাকা | শনিবার, ২৯শে আগস্ট ২০২৬, ১৪ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু, বুলবুল-হারুনের শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৬, ১৬:৫৩

ডানে নুরুল ইসলাম বুলবুল, বামে হারুনুর রশিদ। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে ‘মরা নদী’তে গোসল করতে গিয়ে পানিতে ডুবে একসঙ্গে ৫ জন শিশু কন্যার মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে এই ঘটনা ঘটে। ডুবে পাঁচটি নিষ্পাপ প্রাণের অকাল প্রয়াণে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া, এক নিমেষে থেমে গেছে পাঁচটি পরিবারের হাসি ও কোলাহল।

নিহত শিশুরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজাম উদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।

এই মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এক শোকবার্তায় বলেন, এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে দান করেন এবং নিষ্পাপ শিশুদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

অন্যদিকে, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ শোক প্রকাশ করে বলেন, জুমার পবিত্র সময়েই পুরো গ্রামে নেমে এসেছে এক নীরব হাহাকার। নদীর পানিতে গোসল করতে নেমে পাঁচটি তাজা প্রাণ ঝরে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক। তিনি পরম করুণাময়ের কাছে শিশুদের জান্নাতুল ফেরদাউস কামনার পাশাপাশি স্বজনদের এই কঠিন শোক সহ্য করার তাওফিক প্রার্থনা করেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর