প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৬, ১৬:১৪
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। রাজশাহীর বিমানবন্দরকে আরও সম্প্রসারিত করে এই মাছ রপ্তানির ব্যবস্থা করা হবে। যত দিন যাবে রাজশাহী তত এগিয়ে যাবে।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আজ রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি রাজশাহীর কালেক্টরেট পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করেন। এরপর একটি বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ মৎস্য দিয়ে সবদিক দিয়ে এগিয়ে যাবে। বাংলাদেশ পৃথিবীতে এখন অষ্টম স্থান, কোনো কোনো ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে। আগামী দিন ইনশাআল্লাহ আরও এগিয়ে যাবে।
আপনারা আপনাদের সন্তানরা এখন পড়াশোনা করছে, অনেকে এমএ পাস, বিএ পাস করছে। অনেকেই অনেক পেশায় যাবে।
তিনি আরও বলেন, আগামী দিনে কয়েকটি সেক্টরের মধ্যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে এগিয়ে যাবে। আগামী দিনে এই জায়গা জমিনের যুদ্ধ হবে না। যুদ্ধ হবে মিষ্টি পানি খাওয়ার, সুইট ওয়াটার। এই সুইট ওয়াটার, মিষ্টি পানি, বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বড় রিজার্ভার। পেট্রোলের চেয়ে এই মিষ্টি পানির দাম অনেক বেশি। আগামী দিনে আরও বেশি হবে। পৃথিবীর এখনো ৭-৮ টা দেশের যুদ্ধ হয় নদীর পানি নিয়ে।
মন্ত্রী আরো বলেন, রাজশাহীর আশেপাশের খাল বিলগুলো ও মাছ চাষের উপযোগী করা হবে। মাছ চাষ করে রাজশাহীর চাষীরা সেই মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করবে। আমি রাজশাহীর চাষীদের দেশিয় পদ্ধতিতে মাছ চাষ করার জন্য আহবান জানাচ্ছি।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আনম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মোঃ শামীম হোসেন, রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া৷ স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে এ বছর জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হচ্ছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে এবার জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হচ্ছে।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: