[email protected] ঢাকা | শনিবার, ১১ই জুলাই ২০২৬, ২৬শে আষাঢ় ১৪৩৩
thecitybank.com

সাবেক এমপি হারুনুর রশিদের ডিও লেটার: চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের অবকাঠামো উন্নয়নের দাবি

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১০ জুলাই ২০২৬, ২০:৪২

সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। ফাইল ছবি/সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন এবং অ্যাকাডেমিক কার্যক্রম বেগবান করতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিশেষ প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়নের জোর দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং সাবেক সংসদ সদস্য মো: হারুনর রশীদ।

গত ০৬ জুলাই ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আধা-সরকারি পত্র (ডিও লেটার) প্রেরণ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

শুক্রবার (১০ জুলাই) তার নিজের ফেরিফাইড ফেসবুক একাউন্টে পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তিনি।

মাননীয় মন্ত্রীকে দেওয়া চিঠিতে মো: হারুনর রশীদ কারিগরি শিক্ষা অধিদপ্তরের "বিদ্যমান ২৫টি পলিটেকনিক ইনস্টিটিউটের অবকাঠামো উন্নয়ন" শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটকে অন্তর্ভুক্ত করার জোর সুপারিশ জানান। তিনি উল্লেখ করেন, এই প্রকল্পের অধীনে প্রতিষ্ঠান সংলগ্ন ভূমি অধিগ্রহণপূর্বক জরুরি ভিত্তিতে একটি আধুনিক ছাত্রী হোস্টেল, একটি আধুনিক অ্যাকাডেমিক ভবন এবং শিক্ষক-কর্মচারীদের জন্য একটি ডরমেটরি বা আবাসিক ভবন নির্মাণ করা প্রয়োজন।

চিঠিতে সাবেক এই সংসদ সদস্য প্রতিষ্ঠানটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান সংকটের চিত্রটি অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন, ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২.৯৯ একর জমির ওপর এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বর্তমানে এখানে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ফুড, রেফ্রিজারেশন ও মেকাট্রনিক্সসহ মোট ৬টি টেকনোলজিতে প্রায় ৩০০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। তবে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় তীব্র শ্রেণিকক্ষ ও ল্যাব সংকটের কারণে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মো: হারুনর রশীদ বিশেষভাব উল্লেখ করেন যে, কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী ২০% ছাত্রী ভর্তির কোটা থাকায় বর্তমানে প্রায় ২০০ জন ছাত্রী এখানে পড়াশোনা করছেন। কিন্তু কোনো আবাসন সুবিধা না থাকায় দূর-দূরান্ত থেকে আসা এই ছাত্রীরা ক্যাম্পাসের বাইরে অত্যন্ত অনিরাপদ ও ব্যয়বহুল মেসে থাকতে বাধ্য হচ্ছেন। একই সাথে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষক ও কর্মকর্তাদের আবাসন সংকটও প্রকট আকার ধারণ করেছে, যা ক্লাস মনিটরিং ও সান্ধ্যকালীন কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে ছাত্রীদের জন্য নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং শিক্ষক-কর্মচারীদের কর্মক্ষেত্রে কাজের গতিশীলতা ও সময়ানুবর্তিতা বজায় রাখতে এই অবকাঠামোগত উন্নয়নকে অপরিহার্য বলে উল্লেখ করেছেন জেলা পরিষদ প্রশাসক মো: হারুনর রশীদ। তিনি চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এই ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর