[email protected] ঢাকা | বুধবার, ৮ই জুলাই ২০২৬, ২৩শে আষাঢ় ১৪৩৩
thecitybank.com

হাসপাতাল ও টোল ইস্যুতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৭ জুলাই ২০২৬, ২২:৩৯

বামে হারুনুর রশিদ, ডানে নুরুল ইসলাম বুলবুল। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে সরকারি হাসপাতালের চিকিৎসক বদলি এবং বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের টোল আদায়—এই দুটি জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। দুটি বিষয়েই বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য ও অবস্থান রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

একদিকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের পাঁচ চিকিৎসকের বদলি নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা নুরুল ইসলাম বুলবুল ভিন্নমুখী বক্তব্য দিয়েছেন। অন্যদিকে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের টোল আদায়কে কেন্দ্র করে জামায়াতের সমর্থন এবং বিএনপির সহযোগী সংগঠনগুলোর প্রতিবাদ কর্মসূচি দুই দলের রাজনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করেছে।

গত ১ ও ২ জুলাই সেতুর বারঘরিয়া এলাকায় টোল প্রত্যাহারের দাবিতে টানা দুই দিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও চালকেরা। কয়েক ঘণ্টাব্যাপী এ অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনের চলাচল ব্যাহত হয় এবং শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। আন্দোলনকারীদের দাবি, নিম্নআয়ের অটোরিকশা ও ভ্যানচালকদের কাছ থেকে টোল আদায় অযৌক্তিক; তাই ছোট যানবাহনকে টোলমুক্ত ঘোষণা করতে হবে।

আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী বলেন, প্রান্তিক অটোরিকশা ও ভ্যানচালকদের কাছ থেকে টোল আদায় জনস্বার্থবিরোধী এবং তা প্রত্যাহার করা উচিত। একই সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় নেতারাও বিভিন্ন সময়ে টোল ব্যবস্থাপনায় অনিয়ম, সিন্ডিকেট ও চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন।

অন্যদিকে ৩ জুলাই জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করে, টোল প্রত্যাহারের দাবির কর্মসূচির নামে মহাসড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে। সংগঠনগুলোর দাবি, ওই কর্মসূচিতে সরকারপ্রধানকে নিয়ে আপত্তিকর বক্তব্যও দেওয়া হয়েছে। এর প্রতিবাদে পরদিন তারা বিক্ষোভ মিছিল করে।

হাসপাতাল ইস্যুতে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল পরিদর্শনের পর হারুনুর রশীদ দাবি করেন, সরকারি হাসপাতালে কর্মরত থেকেও হাসপাতালের সামনের একটি বেসরকারি ক্লিনিকে মালিকানা (শেয়ার) রেখে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় পাঁচ চিকিৎসককে বদলি করেছে।

তিনি বলেন, সরকারি দায়িত্বে অবহেলা কিংবা নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হাসপাতালের সেবার মান উন্নয়নে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

অন্যদিকে সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল দাবি করেন, হাসপাতালটি সুষ্ঠুভাবেই পরিচালিত হচ্ছিল। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে চিকিৎসকদের বদলি করানো হয়েছে। বিষয়টি তিনি জাতীয় সংসদেও উত্থাপন করেছেন বলে জানান।

পরবর্তী এক রাজনৈতিক কর্মসূচিতে নুরুল ইসলাম বুলবুল বলেন, হাসপাতাল নিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। জনসেবামূলক প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন।

এর জবাবে হারুনুর রশীদ বলেন, সরকারি হাসপাতালকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। স্বাস্থ্যখাতে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

তবে চিকিৎসকদের বদলি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পৃথক তদন্ত প্রতিবেদন বা বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। বদলি হওয়া চিকিৎসকদের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে টোল ইস্যুতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেয়নি।

হাসপাতাল ও টোল—এই দুই জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান ও প্রতিদ্বন্দ্বিতা আরও দৃশ্যমান হয়ে উঠেছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্যের পরিবর্তে হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, টোল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনভোগান্তি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে

মো: সাজেদুল হক সাজু/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর