প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৬, ২১:১৫
২০১৮ সালের নির্বাচনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদকে বিপুল ভোটে বিজয় করার জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে দেশের ক্লান্তিলগ্নে ভূল সিদ্ধান্ত না নেওয়ার আহবান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ইঙ্গিত পূর্ণ পোস্ট করেন তিনি।
চাঁপাই জার্নালের পাঠকের উদ্দেশ্যে পোস্টটি তুলে ধরা হলো: “প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী,
আসসালামু আলাইকুম,
আমি প্রথমেই স্মরণ করতে চাই ২০১৮ সালের সেই ঘোর অমানিশার কথা। যখন চারদিকে ছিল অন্ধকার, তখন আপনারা বুক দিয়ে আগলে রেখে হারুন অর রশিদকে জয়ী করে এনেছিলেন। আপনারা প্রমাণ করেছিলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ অন্যায়ের কাছে মাথা নত করে না। আজ আমার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, আমার সংখ্যালঘু ভাই-বোনেরা, গণতন্ত্রকামী জনতা এবং প্রকৃত মুমিন মুসলমানদের কাছে আমার আকুল আবেদন—দেশের এই ক্রান্তিলগ্নে আপনারা ভুল সিদ্ধান্ত নেবেন না। এই লড়াই দেশ বাঁচানোর লড়াই, এই লড়াই আপনাদের অধিকার আদায়ের লড়াই।
মান-অভিমান তো আপন মানুষের সাথেই সাজে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আর মানুষ চলার পথে ত্রুটি বিচ্যুতি হয়েই থাকে। আমরা তো আপনাদেরই রক্ত, আপনাদেরই সন্তান। আমাদের দূরে ঠেলে দেবেন না।
আজ আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে যেতে চাই—এই রাষ্ট্রে জনগণই হলো প্রকৃত 'মালিক', আর জনপ্রতিনিধিরা হলো 'গোলাম' বা সেবক। হারুন অর রশিদ আপনাদের নেতা হতে চান না, তিনি আপনাদের গোলাম হয়ে, আপনাদের পাহারাদার হয়ে আমৃত্যু সেবা করে যেতে চান।
যখন ব্যালট পেপার হাতে নেবেন, তখন একবার আপনাদের এই সন্তানের মুখটির কথা মনে করবেন। আপনাদের পবিত্র আমানত, আপনাদের ভাই হারুন অর রশিদকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা কথা দিচ্ছি, আপনাদের আমানত আমরা জীবন দিয়ে রক্ষা করব।”
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। তার প্রতিদ্বদ্বি প্রার্থী হিসেবে লড়ছেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: