[email protected] ঢাকা | সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২
thecitybank.com

স্লোগানে স্লোগানে কম্পিত চাঁপাইনবাবগঞ্জ শহর, বুলবুলের ‘দাঁড়িপাল্লা’র গণজোয়ার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫৬

চাঁপাইনবাবগঞ্জ শহরে দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল, ইনসেটে নুরুল ইসলাম বুলবুল। ছবি: চাঁপাই জার্নাল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নির্বাচনী প্রচারণায় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সমর্থনে শহরজুড়ে আয়োজিত নির্বাচনী মিছিলটি রূপ নিয়েছে এক বিশাল জনসমুদ্রে।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন পাড়া-মহল্লা থেকে কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ দলে দলে সেখানে সমবেত হতে থাকেন।

নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মিছিলটি যখন শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করতে শুরু করে, তখন পুরো শহর স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে থাকা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের ফেস্টুন এবং গগনবিদারী ধ্বনি রাজপথে এক বিশেষ আবহ তৈরি করে। শান্তিমোড়, নিউ মার্কেটসহ  ও প্রধান প্রধান সড়ক এলাকাগুলো করার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে এই মিছিলকে অভিবাদন জানান।

মিছিলে অংশগ্রহণকারীরা জানান, মিছিলে শুধু দলীয় নেতাকর্মীই নয়, বরং দলমত নির্বিশেষে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা নির্বাচনী মাঠে এক ‘গণজোয়ারের’ সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

শহরের প্রাণকেন্দ্রে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রার্থী নূরুল ইসলাম বুলবুল আবেগঘন বক্তব্য প্রদান করেন। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন যে, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে তারা সমাজে ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠা দেখতে চায়। তিনি জোর দিয়ে বলেন, ‘দাঁড়িপাল্লা’ কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, বরং এটি মানুষের অধিকার রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার। জনগণের এই অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন আগামী নির্বাচনে বড় ব্যবধানে জয়ের বার্তা দিচ্ছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সমাবেশে তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলবেন।

স্থানীয়দের মতে, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে। এদিনের বিশাল শো-ডাউন প্রতিপক্ষ শিবিরগুলোর ওপর এক ধরনের চাপ সৃষ্টি করেছে বলে তারা মনে করেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের এই স্রোত ভোটের বাক্সে প্রতিফলিত হলে এই আসনে নির্বাচনী ফলাফল পাল্টে যেতে পারে। দিনশেষে সুশৃঙ্খলভাবে মিছিলটি শেষ হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যেও একটি ইতিবাচক বার্তা পৌঁছেছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর