বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাইনগর ইউনিয়ন শাখা তাদের নেতা-কর্মীদের বিএনপি-তে যোগদানের বিষয়ে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লে, সংগঠনের আমীর মোঃ মোজতাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এর প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ লিপিতে স্পষ্ট করা হয়েছে যে, ধাইনগর ইউনিয়নের কোনো নেতা-কর্মী বা সমর্থক বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করেননি। বরং, যারা যোগদান করেছেন, তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তাদের মধ্যে মোঃ শাহ-আলম (৫ নং ওয়ার্ড) সাবেক শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের থানা কমিটির সদস্য এবং মোঃ মজিদ আলী (৪ নং ওয়ার্ড) দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ কর্মী ছিলেন বলে দাবি করা হয়েছে।
ধাইনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী মনে করে, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি এবং জনমনে ভুল ধারণা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। সংগঠনটি আদর্শ, নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার ভিত্তিতে রাজনীতি করে আসছে এবং তাদের নেতা-কর্মীরা সংগঠনের আদর্শের প্রতি অবিচল, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল রয়েছেন বলেও জানানো হয়।
সংশ্লিষ্ট গণমাধ্যম ও সংবাদকর্মীদের প্রতি ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করার এবং এ ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জোর দাবি জানানো হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে জেলার নাককাটি তলা এলাকায় নির্বাচনি পথসভায় ৩০ জন জামায়াত কর্মী বিএনপিতে যোগ দেয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: