প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৬, ২১:৫৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) ১১ দলীয় জোটের প্রার্থী মো. সারজিস আলমের বছরে আয় ৯ লাখ টাকা।
স্নাতকোত্তর সম্পন্ন করা সারজিস হলফনামায় পেশা হিসেবে ‘ব্যবসা’ উল্লেখ করেছেন। গাজীপুরের আদালতে তাঁর নামে মানহানির একটি মামলা আছে, যা তদন্তাধীন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন সারজিস। জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা হওয়ায় পঞ্চগড়-১ আসনে সারজিস আলমকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন।
বাড়ি–গাড়ি নেই সারজিসের
হলফনামায় তথ্য অনুযায়ী, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামন কুমার এলাকার বাসিন্দা সারজিস আলমের জন্ম ১৯৯৮ সালে। ২৭ বছর বয়সী সারজিস আলম ব্যবসা থেকে বছরে আয় করেন ৯ লাখ টাকা। অন্য কোনো খাতে তাঁর আয় নেই। ২০২৫-২৬ কর বর্ষে তিনি সাড়ে ৫২ হাজার টাকা আয়কর দিয়েছেন। আয়কর রিটার্নে সম্পদ দেখিয়েছেন ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকার। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তাঁর কোনো ঋণ নেই। পেশায় গৃহিণী স্ত্রীর সম্পদের কোনো তথ্য উল্লেখ করেননি।
হলফনামার অস্থাবর সম্পদ হিসেবে নগদ ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা এবং ব্যাংকে এক লাখ টাকা জমা থাকার কথা উল্লেখ করেছেন সারজিস আলম। এর বাইরে তাঁর ৭৫ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য ও ৭৫ হাজার টাকার আসবাব আছে। তবে কোনো স্বর্ণালংকার নেই। স্থাবর সম্পদ হিসেবে দান পাওয়া সাড়ে ১৬ শতাংশ কৃষিজমি আছে তাঁর, যার অর্জনকালীন মূল্য সাড়ে ৭ হাজার টাকা হলেও বর্তমানে আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। অর্থাৎ স্থাবর ও অস্থাবর মিলিয়ে তিনি ১০ লাখ টাকার মালিক। তবে হলফনামায় আয়কর সম্পর্কিত তথ্যের ছকে আয়কর রিটার্নে ৩৩ লাখ ৭৩ লাখ ৬২৮ টাকার সম্পদ দেখানোর কথা উল্লেখ করেছেন তিনি।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: