[email protected] ঢাকা | মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬, ২৬শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৯ নভেম্বার ২০২৬, ২০:২২

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৮ নম্বর টিম এ অভিযান পরিচালনা করে।

ওয়ার্ডের মাঝপাড়া বালিগ্রাম ছয় গম্বুজ জামে মসজিদ ও আশপাশের এলাকায় এ কার্যক্রম চালানো হয়। অভিযানকালে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক।

এ সময় পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন, সহকারী কর নির্ধারক মো. খায়রুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার কর্মচারীরা অংশ নেন।

অভিযান প্রসঙ্গে মো. এনামুল হক বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু মশার ওষুধ ছিটালেই হবে না, একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে এবং জনসচেতনতা বাড়াতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত টায়ার, ফুলের টব, ডাবের খোসা ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ সচেতনভাবে এগিয়ে এলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।”

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রশাসনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে। বিশেষ করে বাসাবাড়ি ও আশপাশে কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর