প্রকাশিত:
৩০ সেপ্টেম্বার ২০২৬, ২২:০৬
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোলাহাট উপজেলার আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’-এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিজিবি রাজশাহী সেক্টরের সার্বিক নির্দেশনায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ২৫ জন যুবক অংশগ্রহণ করছেন। এক মাসব্যাপী এ প্রশিক্ষণে বহুতল ভবন ও বাসাবাড়িতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ স্থাপন, বৈদ্যুতিক ত্রুটি নিরসন এবং নিরাপদভাবে বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম স্থাপনের বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ শুরুর প্রাক্কালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, বিজিবি ভবিষ্যতেও মানবকল্যাণ এবং সীমান্ত এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে। এ প্রশিক্ষণ কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দুইজন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক নিয়মিত ক্লাস পরিচালনা করবেন।
আয়োজকরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার যুবকদের কর্মদক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: