প্রকাশিত:
৩০ সেপ্টেম্বার ২০২৬, ২০:৩৯
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ও বাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ভবন সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ, কর নির্ধারক মো. এনামুল হক, স্যানেটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক, কনজারভেন্সি সুপারভাইজার মো. আশিকুর রহমানসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে পৌর নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ করা হয়েছে।
তিনি বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ নয়; রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করতে হবে। বৃক্ষরোপণের অন্যতম লক্ষ্য হলো মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের নিতে হবে।
পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: