[email protected] ঢাকা | শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬, ১১ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ৬ নম্বর ওয়ার্ডে পৌরসভার বিশেষ অভিযান

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বার ২০২৬, ১৯:১৮

ডেঙ্গু প্রতিরোধে ৬ নম্বর ওয়ার্ডে পৌরসভার বিশেষ অভিযান। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝপাড়া ৬ গম্বুজ মসজিদ মোড় থেকে বালিগ্রামসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পৌরসভার ‘টিম-০৮’-এর উদ্যোগে পরিচালিত অভিযানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়।

‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’—এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত অভিযানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, মশক নিধনকর্মী, যুবসমাজ ও স্কাউট দলের সদস্যরা অংশ নেন। অভিযানে নেতৃত্ব দেন টিম-০৮-এর টিম লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার স্বাস্থ্য শাখার আতাউর রহমান, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান, শাহিন কাদিরসহ সংশ্লিষ্টরা। অভিযানকালে বিভিন্ন ড্রেন, জঙ্গল ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও মশক নিধনে বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়।

স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়। আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

পৌরসভার দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, পৌরবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর