প্রকাশিত:
২১ সেপ্টেম্বার ২০২৬, ২৩:৩৪
সরকার ঘোষিত ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের অফিস আঙ্গিনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ।
ডেঙ্গু মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস, মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গুমুক্ত জেলা গড়ে তোলার লক্ষ্যে ডিএনসি কার্যালয়ের অফিস আঙ্গিনা ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত পাত্র, জমে থাকা পানি ও ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়। পরে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উজ্জ্বল কুমার ঘোষ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। প্রতিটি সরকারি-বেসরকারি অফিস, বাসাবাড়ি,দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। চৌধুরী ইমরুল হাসান বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিবার থেকে পরিচ্ছন্নতা ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। পরিচ্ছন্নতার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গড়ে তুলতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: