প্রকাশিত:
১৪ সেপ্টেম্বার ২০২৬, ২১:৫২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর-সাহেবের ঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এ সময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ৪৪ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও ত্রাণ সামগ্রী ও অর্থ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বন্যার্তদের জন্য উপজেলা পর্যায়ে ইতোমধ্যে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে চালের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত সব পরিবারের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় বন্যার্তদের মাঝে চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজমসহ অন্যরা।
আ.ই/আ.আ
মন্তব্য করুন: