প্রকাশিত:
১৯ জুন ২০২৬, ২০:৩৫
লেবাননে যুদ্ধ থামাতে রাজি হয়েছে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহ। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে তাদের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেন, হিজবুল্লাহ ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও কাতারের আলোচকরা ইরানের সহায়তায় এই সমঝোতা চুক্তি সম্পন্ন করেছেন।
লেবাননে সহিংসতার সাম্প্রতিক তীব্রতা মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধ বন্ধ করতে বুধবার স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান অন্তর্বর্তীকালীন চুক্তির ওপর চাপ সৃষ্টি করেছিল। বৃহস্পতিবার (১৮ জুন) রাতভর লেবাননে হামলা চালায় ইসরায়েল। এর জেরে শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা বাতিল করা হয়।
এর আগে হিজবুল্লাহর একজন আইনপ্রণেতা রয়টার্সকে জানান, ইরান সংগঠনটিকে জানিয়েছে যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর না হলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব নয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। চলমান যুদ্ধে এটি হিজবুল্লাহর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে বিবেচিত হচ্ছে।
ইরানের সঙ্গে হওয়া চুক্তিতে লেবাননসহ যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্রদের সব ফ্রন্টে- সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমে গেলেও সাম্প্রতিক দিনগুলোতে আবার সংঘর্ষ বেড়ে যায়। নতুন এই যুদ্ধবিরতি সেই উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র: রয়টার্স/ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: