প্রকাশিত:
১১ নভেম্বার ২০২৬, ২০:২৩
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে সচেতন করতে মাসব্যাপী সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদ, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ মামুদ হাসান, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, আজিজুল বারি মুক্তা, আলহাজ্ব ইয়াসিন আলী, সালাহউদ্দিন মিন্টু ও হেলাল উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় রাজশাহী নিউমার্কেট, বায়া বাজার, নওহাটা বাজার, হড়গ্রাম বাজার, কাটাখালী বাজার, বিনোদপুর বাজার, কাজলা বাজার, সাহেব বাজার ও লক্ষ্মীপুর বাজারসহ বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান স্বজন।
মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। লিফলেটে ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে।
আয়োজকরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন নয়, ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা অত্যন্ত জরুরি। এ কর্মসূচির মাধ্যমে রাজশাহীর বিভিন্ন এলাকার মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: