প্রকাশিত:
৩০ সেপ্টেম্বার ২০২৬, ২১:৩৯
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য ৪ জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের বুধবার (৩০ সেপ্টেম্বর ) দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৯ জন নারী। এছাড়া শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে গোমস্তাপুর ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সময়ে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৮৫৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ১২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ১০৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
জেলা হাসপাতালে চিকিৎসাধীন ১০৬ জনের মধ্যে ৫০ জন পুরুষ ও ৫৬ জন নারী। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: