প্রকাশিত:
১২ মে ২০২৬, ১৯:৫৮
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন বিষয়ক এক সভা চলাকালে আকস্মিকভাবে উপস্থিত হন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছিল। সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় হঠাৎ করেই এমপি ড. মিজানুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে সরাসরি সভাকক্ষে যান এবং চলমান সভায় অংশ নেন।
এ সময় তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীদের সেবার মান, চিকিৎসকদের উপস্থিতি ও চিকিৎসাসেবা প্রদান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভাকক্ষ থেকে বের হয়ে এমপি ড. মু. মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের দন্ত বিভাগে দাঁতের চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এদিকে স্থানীয়দের মধ্যে এমপির এ ধরনের উপস্থিতি ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজনরা বলেন, একজন সংসদ সদস্য সাধারণ মানুষের মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসাসেবা গ্রহণ করায় সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।
ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী বলেন, এমপি সাহেব নিজে হাসপাতালে এসে সেবার মান পর্যবেক্ষণ করেছেন। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে। স্বাস্থ্যসেবার বিষয়ে সরাসরি খোঁজখবর নেওয়া অবশ্যই একটি ইতিবাচক উদ্যোগ। এর মাধ্যমে হাসপাতালের সমস্যাগুলো দ্রুত সমাধানের সুযোগ তৈরি হবে।
আ.হ.র/আ.আ
মন্তব্য করুন: