প্রকাশিত:
৩০ ডিসেম্বার ২০২৫, ২০:৩৪
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ ময়েজ উদ্দিন এবং সদস্য সচিব ডাঃ মোঃ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গভীর শোকবার্তায় জানায় সংগঠনটি।
শোকবার্তায় বেগম জিয়াকে "বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত ও আপোষহীন নেত্রী" এবং "গণতন্ত্রের মা" হিসেবে উল্লেখ করা হয়।
তার ইন্তেকালে গভীর শোক ও বেদনা প্রকাশ করে ড্যাব নেতৃবৃন্দ বলেন, তার এই প্রয়াণে জাতি একজন সাহসী, দেশপ্রেমিক ও আপোষহীন নেত্রীকে হারালো, যা অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়া গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আজীবন সংগ্রাম করে গেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় তার দৃঢ় নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
ড্যাব তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: