[email protected] ঢাকা | সোমবার, ৯ই নভেম্বর ২০২৬, ২৫শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

ভোলাহাটে ৪৮৭ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, সংবর্ধনা পেল ৮ কৃতী শিক্ষার্থী

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৯ নভেম্বার ২০২৬, ২১:০৬

ছবি: সংগ্রহীত

শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার গোহালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮৭ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন শিক্ষা ও ব্যবহারিক উপকরণ তুলে দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে ৮ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সোমবার (৯ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে উপহার সামগ্রী বিতরণ, অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোহালবাড়ী গ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ মখলেছুর রহমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানি ব্যবসায়ী ও পয়েন্টার শু লিমিটেডের প্রেসিডেন্ট মি. ইয়ামাগুচি রিওজি, মি. ইয়োশিয়াকি শিমা এবং মোঃ মুসফিকুর রহমান লাকি।

আম ফাউন্ডেশন ভোলাহাটের সদস্য সচিব মোঃ মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান আলী। এতে বক্তব্য দেন ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহসহ আমন্ত্রিত অতিথিরা।

এ সময় ৪৮৭ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি স্কুলব্যাগ, একটি ছাতা, একটি পানির পাত্র ও একটি পেন্সিল বক্স তুলে দেওয়া হয়। পাশাপাশি পড়াশোনায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ৮ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির কল্যাণে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণ করায় পৃষ্ঠপোষক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

আ.হ.র/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর