প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৬, ১৯:০১
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর দুই দিনব্যাপী প্লাটিনাম জুবিলী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে গত ২০ অক্টোবর থেকে শুরু হওয়া অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে আগামী ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থী, তাদের অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা রেজিস্ট্রেশন সাপেক্ষে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও অনুষ্ঠানসংক্রান্ত পরবর্তী আপডেট বিদ্যালয়ের ফেসবুক পেজ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেবে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রওশনয়ারা ও শিক্ষকবৃন্দ এ আয়োজন সফল করতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
এদিকে, প্লাটিনাম জুবিলী অনুষ্ঠান আয়োজনের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী তাঁর সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। দীর্ঘ ৭৫ বছরের শিক্ষা ও ঐতিহ্যের স্মারক এ আয়োজনকে ঘিরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা এবং বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে উঠবে।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: