[email protected] ঢাকা | মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬, ২০শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফ্রি চক্ষু ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৫ অক্টোবার ২০২৬, ২৩:২৪

ছবি: সংগ্রহীত

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মক্কা আই হসপিটালের উদ্যোগে প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা (Corporate Social Responsibility—CSR) কার্যক্রমের অংশ হিসেবে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

এ সময় কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. আমিনুল ইসলামসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ক্যাম্পে মক্কা আই হসপিটালের ডেপুটি ম্যানেজার মো. গোলাম ফারুক, চিকিৎসক ডা. ফারজানা মুনমুন, অপটোমেট্রিস্ট মো. মশিউর রহমান, ডিএমএফ মো. জহুরুল ইসলামসহ অন্যান্য সাপোর্টিং স্টাফ চিকিৎসাসেবা প্রদান করেন।

আয়োজকরা জানান, ক্যাম্পে কলেজের প্রায় ৫০০ জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের চক্ষু পরীক্ষা করা হয়। এ সময় প্রয়োজন অনুযায়ী প্রেসক্রিপশনসহ বিভিন্ন আনুষ্ঠানিক সেবা প্রদান করা হয়।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা আয়োজন অত্যন্ত সময়োপযোগী।

মক্কা আই হসপিটাল সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে যে উদ্যোগ নিয়েছে, এজন্য তিনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের কল্যাণে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্ব শিক্ষক দিবসের মতো বিশেষ দিনে ফ্রি চক্ষু ক্যাম্প আয়োজনের মাধ্যমে কলেজের সঙ্গে সংশ্লিষ্টদের স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি হয়েছে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর