প্রকাশিত:
৯ সেপ্টেম্বার ২০২৬, ২৩:০২
চাঁপাইনবাবগঞ্জ জেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণ এবং মেরামতের জন্য সরকারি বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) পরিচালন বাজেটের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে এসব উন্নয়নমূলক কাজের অনুমোদন দেওয়া হয়।
গত রবিবার (০৬ সেপ্টেম্বর) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ডেস্ক-১) মোঃ মেহেদী ইকবাল স্বাক্ষরিত পৃথক কয়েকটি দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত পত্র অনুযায়ী, গোমস্তাপুর উপজেলার ষড়গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভোলাহাট উপজেলার শিকারী নিম্ন মাধ্যমিক মডেল বালিকা বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই প্রতিষ্ঠানের প্রত্যেকটির একাডেমিক ভবন নির্মাণের জন্য এক কোটি ৭০ লক্ষ টাকা করে বাজেট বরাদ্দ করা হয়েছে।
অন্যদিকে, জেলার গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার অবকাঠামো মেরামত ও সংস্কারের জন্য আলাদা আলাদা ভাবে প্রত্যেকটির ১৫ লক্ষ টাকা করে বরাদ্দ অনুমোদন পেয়েছে। এর মধ্যে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজ এবং সাহেবগ্রাম দারুল উলুম জাইনুদ্দিন বিশ্বাস মহিলা দাখিল মাদ্রাসা রয়েছে। ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও ময়ামারী দাখিল মাদ্রাসা এবং নাচোল উপজেলার নাচোল মুসলিমপুর গার্লস একাডেমী ও নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয় সংস্কার কাজের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
নির্দেশনায় জানানো হয়েছে, নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থানসমূহে দ্রুত সয়েল টেস্ট সম্পন্ন করে রিপোর্ট পাঠানো এবং ই-জিপি (e-GP) পদ্ধতির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র আহ্বান করতে হবে। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণসহ নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: