[email protected] ঢাকা | মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬, ১৭ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

রাবিতে থিয়েটার বিভাগের শিক্ষিকা ড. কাজী শুসমিন আফসানা ছিনতাইয়ের শিকার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৬, ১৭:৪১

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগ্রহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের শিক্ষিকা ড. কাজী শুসমিন আফসানা ছিনতাইয়ের শিকার হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যার পর নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার ১ নম্বর সড়কে হাঁটতে বের হলে দুর্বৃত্তরা তাঁর ব্যাগ ছিনিয়ে নেয়।

ছিনতাই হওয়া ব্যাগে একটি আইফোন, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষিকা। ঘটনার পরপরই তিনি চন্দ্রিমা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার নিরাপত্তা ক্যামেরার দৃশ্য সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার বর্ণনা দিয়ে ড. কাজী শুসমিন আফসানা জানান, সন্ধ্যার পর হাঁটতে বের হয়ে চন্দ্রিমা আবাসিক এলাকার ১ নম্বর সড়কে তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। তিনি পুলিশকে অভিযোগ জানানোর কথা উল্লেখ করে বলেন, থানার সদস্যরা যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন।

তবে ছিনতাইয়ের ধরন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এই শিক্ষিকা। তাঁর দাবি, তিনি যে ব্যাগটি ব্যবহার করছিলেন সেটি ছিল শক্তভাবে শরীরের সঙ্গে আটকানো ক্রসবেল্ট ব্যাগ। এটি হুট করে টেনে নিয়ে যাওয়া সহজ নয়। এ কারণে তাঁর ধারণা, ছিনতাইকারীরা আগে থেকেই তাঁকে অনুসরণ করছিল এবং পূর্বপ্রস্তুতি নিয়েই ব্যাগটি ছিনিয়ে নেয়।

এদিকে, মাত্র এক দিনের ব্যবধানে শিক্ষিকা ছিনতাইয়ের ঘটনায় নগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে শনিবার (২৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের শিকার হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫)।

চলন্ত রিকশা থেকে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারী তাঁর ব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় র‌্যাব দুজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে।


রাজশাহীতে রাবি শিক্ষিকার ছিনতাইয়ের ঘটনায় দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। পুলিশের তদন্তে নিরাপত্তা ক্যামেরার দৃশ্য ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ঘটনার প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর