[email protected] ঢাকা | শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬, ৩০শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ইউনিফর্ম পাচ্ছে প্রাথমিকের ৭৮৯ শিক্ষার্থী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৬, ১৯:০৩

ছবি: সংগ্রহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী ১৬ আগস্ট সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হওয়ার কথা রয়েছে। প্রথম ধাপে পাইলট প্রকল্পের আওতায় জেলার পাঁচটি উপজেলার ২০টি নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ৭৮৯ শিক্ষার্থী এই নতুন পোশাক ও শিক্ষাসামগ্রীর আওতায় আসছে। সুবিধাভোগী শিশুদের মধ্যে ৩৮২ ছাত্র এবং ৪০৯ ছাত্রী রয়েছে।

সীমান্তঘেঁষা ও চরাঞ্চলবেষ্টিত চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রান্তিক ও অনগ্রসর এলাকার শিশুদের শিক্ষার মূলধারায় ধরে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারে স্বাচ্ছন্দ্য ও সমতা বজায় রাখতে নতুন ‘ড্রেসকোড’ নির্ধারণ করা হয়েছে। নতুন ডিজাইন অনুযায়ী ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টস এবং মেয়েদের জন্য ফ্রক দেওয়া হবে।

পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ ও জুতা সরবরাহের একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এক লাখ শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ব্যাগ, পোশাক ও জুতা অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয়ের ১৮৪ জন শিশু এই সুবিধা পাচ্ছে। এর মধ্যে তাজকেরাতুন স্বরূপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪ ছাত্র ও ৩৬ ছাত্রী মিলিয়ে মোট ৬০ জন, আমনুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ ছাত্র ও ১৯ ছাত্রী মিলিয়ে মোট ৩৫ জন, চরমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১ ছাত্র ও ২৮ ছাত্রী মিলিয়ে মোট ৪৯ জন এবং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ ছাত্র ও ২৯ ছাত্রী মিলিয়ে মোট ৪০ জন শিক্ষার্থী রয়েছে।

শিবগঞ্জ উপজেলার চারটি বিদ্যালয়ে মোট ১৯৭ শিক্ষার্থী নতুন পোশাক পাবে। এর মধ্যে মধ্যে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ ছাত্র ও ২৪ ছাত্রী মিলিয়ে মোট ৩৯ জন, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ ছাত্র ও ৪০ ছাত্রী মিলিয়ে মোট ৬৬ জন, চকঘোড়াপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১ ছাত্র ও ২৯ ছাত্রী মিলিয়ে মোট ৫০ জন এবং মনাকষা দাখিল মাদ্রাসা সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ ছাত্র ও ২৬ ছাত্রী মিলিয়ে মোট ৪২ শিক্ষার্থী সুবিধাভুক্ত হতে হচ্ছে।

গোমস্তাপুর উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২০৩ শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় এসেছে। এর মধ্যে গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১ ছাত্র ও ২৬ ছাত্রী মিলিয়ে মোট ৪৭ জন, দিয়াড়াপাড়া হাজী তৈমুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২ ছাত্র ও ৩৪ ছাত্রী মিলিয়ে মোট ৫৬ জন, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪ ছাত্র ও ২৬ ছাত্রী মিলিয়ে মোট ৫০ জন এবং মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ ছাত্র ও ২৭ ছাত্রী মিলিয়ে মোট ৪৭ জন শিক্ষার্থী ইউনিফর্ম পাচ্ছে।

নাচোল উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২০২ শিক্ষার্থী সরকার প্রদত্ত এ সুবিধা পেতে যাচ্ছে। তালিকায় রয়েছে শানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৪ ছাত্র ও ১৯ ছাত্রী মিলিয়ে মোট ৬৩ জন, গুঠইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ ছাত্র ও ২৯ ছাত্রী মিলিয়ে মোট ৬৫ জন, সূর্য্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ ছাত্র ও ১৬ ছাত্রী মিলিয়ে মোট ৩৪ জন এবং সোনাইচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১ ছাত্র ও ১৭ ছাত্রী মিলিয়ে মোট ৩৮ জন শিক্ষার্থী।

ভোলাহাট উপজেলার চারটি বিদ্যালয়ের মোট ২০৫ জন শিশু বিনামূল্যে ইউনিফর্ম পাবে। এখানে বীরেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৯ ছাত্র ও ৩১ ছাত্রী মিলিয়ে মোট ৬০ জন, বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ ছাত্র ও ২৬ ছাত্রী মিলিয়ে মোট ৪০ জন, মুশরীভূজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩ ছাত্র ও ২৭ ছাত্রী মিলিয়ে মোট ৫০ জন এবং বড়গাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ ছাত্র ও ১৯ ছাত্রী মিলিয়ে মোট ৫৫ শিশু প্রথম ধাপে এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন, উপস্থিতি বৃদ্ধি এবং প্রান্তিক পরিবারের শিশুদের পড়ালেখায় উদ্বুদ্ধ করতে বিনামূল্যে পোশাক দেওয়া এ সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। নতুন নকশায় তৈরি এসব পোশাকে শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত হবে। পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত ২০টি বিদ্যালয়ে প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এবং পর্যায়ক্রমে জেলার অন্যান্য বিদ্যালয়েও এই সুবিধা সম্প্রসারিত হবে।

সূত্র: এশিয়া পোস্ট/ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর