[email protected] ঢাকা | শুক্রবার, ১৯শে জুন ২০২৬, ৪ঠা আষাঢ় ১৪৩৩
thecitybank.com

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি নেওয়ার সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৮ জুন ২০২৬, ২০:১৮

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি/সংগ্রহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি নেওয়া হবে বলে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন। তার সেই বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রীর দাবি, বাংলাদেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক। এ বিদ্যালয়ে পরীক্ষার ফি নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি না নেওয়ার বিষয়ে সরকারের নীতিগত অবস্থান রয়েছে। সংবিধানের ১৭ ধারায় গণমুখী ও সর্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তাই প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক হওয়ায় এ ধরনের ফি নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১৫০টি বিদ্যালয়ে মিড ডে মিল (স্কুলে খাবার) কর্মসূচি চালু রয়েছে। পর্যায়ক্রমে এ কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ পরিস্থিতিতে শিক্ষাখাতে পরিবারগুলোর ব্যয় কমানোই সরকারের অন্যতম অগ্রাধিকার। তারই অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না দেওয়ার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, যোগ করেন এহছানুল হক মিলন।

এর আগে গত ১৩ জুন বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফি নেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব সাখাওয়াৎ হোসেন। এমনকি কোন শ্রেণিতে কত টাকা ফি হবে, তাও উল্লেখ করেছিলেন সচিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর