[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

এসআরবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৮ কোটি টাকার হেরোইন জব্দ

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
২৩ নভেম্বার ২০২৬, ১৯:২৮

ছবি: সংগ্রহীত

পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন এবং ৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন জব্দ করেছে এসআরবি-৫, রাজশাহী। রোববার দিবাগত গভীর রাতে এসব অভিযান চালানো হয়।


সোমবার দুপুরে এসআরবি-৫-এর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৫-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইসতিয়াক।


তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীনগর হাটপাড়া এলাকায় এসআরবি-৫-এর একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় আহসান আলী ও আবদুর রহিমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন জব্দ করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে অস্ত্র বেচাকেনার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন অস্ত্র বেচাকেনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। এর আগে আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র মামলা এবং আবদুর রহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় জাল টাকা-সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।


অন্যদিকে, একই রাতে এসআরবি-৫-এর আরেকটি আভিযানিক দল রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন জব্দ করে। এ সময় ময়না বেগম ও শাহাদত হোসেন নামের দুজনকে আটক করা হয়। সম্পর্কে তারা ভাই-বোন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইসতিয়াক জানান, পৃথক দুটি ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


প্রেস ব্রিফিংয়ে এসআরবি আরও জানায়, গত ছয় মাসে এসআরবি-৫ বিভিন্ন অভিযান পরিচালনা করে মোট ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার জব্দ করেছে। এ ছাড়া ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়েছে।

 

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর