[email protected] ঢাকা | সোমবার, ৯ই নভেম্বর ২০২৬, ২৪শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযানে হেরোইন-ইয়াবা উদ্ধার, একজন কারাগারে

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৮ নভেম্বার ২০২৬, ১৯:৫৭

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক অভিযানে ৭ গ্রাম হেরোইন, ১৩০ পিস ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া বটতলাহাট ও বড়িপাড়া এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত সদর উপজেলার জয়নগর মীরপাড়া বটতলাহাট এলাকার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে মো. মঈন আলী (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭ গ্রাম হেরোইন, ১৩০ পিস ইয়াবা, নগদ ৯ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে, সকাল ৮টার দিকে সদর উপজেলার বড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সোহান হাসান (১৯) নামে আরেকজনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান প্রসিকিউশন দাখিল করলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে পরিচালিত এসব অভিযানে পুলিশ ও এসআরবি সদস্যরা অংশ নেন।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর