[email protected] ঢাকা | বুধবার, ৪ঠা নভেম্বর ২০২৬, ১৯শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে সার পাচারের দায়ে ডিলারসহ ২ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩ নভেম্বার ২০২৬, ১৬:৫৭

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অবৈধভাবে সার পাচারের সময় বিসিআইসি ডিলারসহ দুজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (০৩ নভেম্বর) রাত দুইটায় এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় নামক স্থানে সার পাচারের জন্য পরিবহন করার সময় মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী ও বিসিআইসি ডিলার মো. গোলাম শাহনেওয়াজ (৪৫) এবং নসিমন চালক মো. মতিন (৪৮)-কে হাতেনাতে আটক করা হয়।

পরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপজেলা কৃষি অফিসার জনাব মো. সুনাইন বিন জামান-এর প্রসিকিউশনের ভিত্তিতে আদালত পরিচালিত হয়। শুনানিতে আসামীদ্বয় স্বেচ্ছায় তাদের দোষ স্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত গোলাম শাহনেওয়াজকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া, নসিমন চালক মো. মতিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে জব্দকৃত মোট ৮০ বস্তা ডিএপি (DAP) সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্তকৃত সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলীর জিম্মায় প্রদান করা হয়েছে।

পাশাপাশি, অপরাধের সাথে জড়িত থাকায় গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসারকে নির্দেশ প্রদান করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ইকরামুল হক নাহিদ বলেন, অবৈধ ভাবে সার পাচারের অপরাধে দুইজনকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের অবৈধ পাচার রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর