[email protected] ঢাকা | বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬, ১৩ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ইজিবাইক ছিনতাই মামলার মূলহোতা জনি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৭ অক্টোবার ২০২৬, ২০:৩৬

ছবি: সংগ্রহীত

রাজশাহীর দামকুড়া থানায় দায়ের করা চাঞ্চল্যকর দস্যুতা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ জাকির হোসেন জনি (৩২) কে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিসি-১-এর একটি আভিযানিক দল।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাত ৯টা ৪০ মিনিটে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হুজরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাকির হোসেন জনি রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভিমের ডাইং এলাকার আশগর আলী টেপার ছেলে।

মামলার এজাহার ও ঘটনাসূত্রে জানা যায়, মামলার বাদী মোঃ সাজিদ শেখ (১৮) পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চালক। জনির সঙ্গে তার পূর্বপরিচয় ছিল। বিভিন্ন পেয়ারা বাগান থেকে পেয়ারা সংগ্রহ করার কথা বলে জনি প্রতিদিন এক হাজার টাকা ভাড়ায় সাজিদের ইজিবাইক ভাড়া করতেন। এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল সাড়ে ৬টার দিকে সাজিদ তার ইজিবাইক নিয়ে দামকুড়া বাজারে যান। সেখানে জনিসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে একটি খাবার হোটেলে নিয়ে যান।

অভিযোগ অনুযায়ী, সেখানে খিচুড়ি ও চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে যান তারা। এ ঘটনায় সাজিদ শেখের লিখিত অভিযোগের ভিত্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানায় জনিসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে দস্যুতার মামলা করা হয়। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যান।

পলাতক আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি জনিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জনিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর