[email protected] ঢাকা | শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬, ১৭ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, দুই বাড়ির মালিককে জরিমানা

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১ অক্টোবার ২০২৬, ২১:২৬

ছবি: সংগ্রহীত

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে ৮টি বিশেষ টিমের মাধ্যমে এডিস মশা নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করতে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন এবং জমে থাকা পানিতে লার্ভিসাইড স্প্রে করা হয়।

বৃহস্পতিবার ২ নম্বর ওয়ার্ডের দাউদপুর রোড, পুরাতন জেলখানা মোড় ও হুজরাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচটি বাড়িতে এডিস মশার লার্ভা শনাক্ত করা হয়। পরে তাৎক্ষণিকভাবে লার্ভাগুলো ধ্বংস করা হয়।

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এডিস মশার লার্ভা পাওয়ায় দুটি বাড়ির মালিককে অর্থদণ্ড প্রদান করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।

অভিযানে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীনসহ সিভিল প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, শহরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে ভাঙা বালতি, ফুলের টব, দইয়ের পাত্র, পুরোনো টায়ারসহ কোনো পাত্রে স্বচ্ছ পানি জমতে না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

তারা বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগ ছাড়া ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব নয়।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর