[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬, ১৩ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুরে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৬, ২৩:৩৯

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া গ্রামে একটি বসতবাড়িতে মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ০৮ টার দিকে এই স্থানীয় বাসিন্দা মো: ইউসুফ আলীর ছেলে মো: ইয়াহিয়ার (৪৫) বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও বিজিবি সূত্রে জানা যায়, আজ সোমবার আনুমানিক রাত ০৮ টার দিকে ৫৩ বিজিবি’র জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯/৫-এস ও ১৯/৬-এস এর মধ্যবর্তী স্থান থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি থেকে ২ কিলোমিটার উত্তরে এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দা মোঃ ইয়াহিয়ার লাকড়ির ঘরে মাটির নিচে পুঁতে রাখা আনুমানিক ১০ থেকে ১২টি ককটেল একযোগে বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের তীব্রতায় ঘরের দেয়াল ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া ঘটনার পরপরই বাড়ির লোকজন সপরিবারে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা জহুরপুরটেক বিওপিতে খবর দিলে রাত পৌনে নয়টার দিকে বিজিবির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে বিজিবি পৌঁছানোর আগেই আলামত বিনষ্ট কিংবা উধাও হয়ে যাওয়ায় ঘটনাস্থলে কোন ধরণের আলামত পাওয়া যায়নি বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, মজুদ করা ১০ থেকে ১৫ টি ককটেল বিস্ফোরিত হয়েছে। আমরা তদন্ত করছি এবং আইনী পদক্ষেপ চলমান আছে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। একপাশের দেওয়াল ও টিনের চাল ভেঙ্গে গেছে। তবে কেউ হতাহত হয়নি এবং সেই বাড়ির লোকজন পলাতক রয়েছে। পুলিশ ও র্যাব আমাদের সাথে যোগাযোগ করেছে। তারাই আইনী পদক্ষেপ গ্রহণ করবে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর