প্রকাশিত:
১৮ সেপ্টেম্বার ২০২৬, ১৫:২৮
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভেরেন্ডি বাজারে লাইসেন্স ছাড়া ডিজেল মজুদের অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার দোকান ও গোডাউন থেকে ১৫ ব্যারেল ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯:১০ থেকে ১১:০৫ ঘটিকা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহমেদ রোবেল এই অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভেরেন্ডি বাজারের চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোঃ হুমায়ুন চৌধুরী লাইসেন্স ছাড়াই নিজ দোকান ও গোডাউনে বিপুল পরিমাণ পেট্রোলিয়াম পণ্য মজুদ রেখেছিলেন। আইন অমান্য করে ১৫ ব্যারেল ডিজেল মজুদের অপরাধে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪ নম্বর ধারা লঙ্ঘনে ২০(ঙ) ধারায় তাকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে আনুমানিক ৩ লাখ ৪৯ হাজার ২৯০ টাকা মূল্যের অবৈধভাবে রক্ষিত ১৫ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত ডিজেল নিকটস্থ ধানসুরা ফিলিং স্টেশনে বিক্রি করে অর্জিত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: