প্রকাশিত:
৯ সেপ্টেম্বার ২০২৬, ২০:৪২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরির ১০ মিনিটের মধ্যে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় সোহেল রানা নামের এক যুবককে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক সোহেল রানা উপজেলার বাডুনগাঁও গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ১ নম্বর মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা যায়, মোসা. তানভীর নূর নুপুর নামের এক নারী তাঁর অসুস্থ সন্তানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। রাতে ফোনটি চার্জে দিয়ে তিনি ঘুমিয়ে পড়লে অভিযুক্ত সোহেল রানা সেটি চুরি করে নিয়ে যান। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে থাকা আনসার সদস্যদের জানানো হয়। খবর পেয়ে আনসার দলের এপিসি আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল পুরো কমপ্লেক্সে তল্লাশি চালিয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে অভিযুক্তকে ফোনসহ আটক করে। উদ্ধার হওয়া মোবাইলটি পরে ভুক্তভোগীর হাতে তুলে দেওয়া হয়।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা পাপিয়া খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপের কারণে চুরি হওয়া মোবাইলটি উদ্ধার এবং অভিযুক্তকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে।
ইমরান/আ.আ
মন্তব্য করুন: