প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৬, ২২:৪১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের পুষকুনি এলাকায় এক ভ্যানচালককে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দুবৃত্ত। শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ভ্যানচালকের নাম শ্রী রাজপতি (৩৫)। তিনি ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের নামো মুশরী ভুজা বিন্দুপাড়া গ্রামের ওকিল-এর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলা থেকে ভ্যান চালিয়ে নিজ গন্তব্যে ফিরছিলেন শ্রী রাজপতি। পথিমধ্যে চৌডালা ইউনিয়নের পুষকুনি এলাকায় পৌঁছালে উৎপেতে থাকা একদল দুবৃত্ত তাঁর পথ রোধ করে। এ সময় তাঁর পিঠে রামদা দিয়ে সজোরে কোপ মারে। আঘাতের পর তাঁর তীব্র চিৎকারে আশেপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসলে দুবৃত্তরা পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, রামদার কোপে তাঁর পিঠের গভীর ক্ষত তৈরি হয়ে ফুসফুস কেটে গেছে। শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, একজন ভ্যান চালককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তার ভ্যান উদ্ধার করা হয়েছে এবং তাকে গোমস্তাপুর উপজেলা হাসপাতালে চিকিসা দেওয়া হয়। ডাক্তাররা উন্নত চিকিসার জন্য রাজশাহীতে রেফার্ড করেন। এছাড়া ঘটনাটি ছিনতাই নাকি পূর্ব পরিকল্পিত হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: