প্রকাশিত:
১ আগষ্ট ২০২৬, ২১:২৪
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ভারতীয় মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলাহাট থানা পুলিশ।
অভিযানকালে অটোরিকশার চালক মোহাম্মদ তহুরুল (পিতা: মৃত শরিফুল ইসলাম শরীফ) এবং তার সহযোগী মো. রেজাউল (৪০) (পিতা: সাইফুদ্দিন মাস্টার)কে হাতেনাতে আটক করা হয়।
শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার দলদলি ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঘাইবাড়ি গ্রামের বাসিন্দা মোহাম্মদ তহুরুলের (৩০) বাড়ির ভেতরে থাকা একটি অটোচার্জার গ্যারেজে অভিযান চালায় পুলিশ। এ সময় বিশেষ কৌশলে একটি অটোরিকশার চালকের আসনের নিচে লুকিয়ে রাখা ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, আটককৃতরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: