প্রকাশিত:
২১ জুন ২০২৬, ১৬:৩৭
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের পরিচালিত এক টাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি মোসা. সেলিনা বেগম (৬৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন হুজরাপুর রেলবাগান এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে তার হেফাজত থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত সেলিনা বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হুজরাপুর রেলবাগান এলাকার মো. লোকমান শেখের স্ত্রী। তার বাবার নাম মৃত আইয়েশ উদ্দিন এবং মায়ের নাম মৃত রোকেয়া বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সেলিনা বেগম একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয়ভাবে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে তার বাসভবন সংলগ্ন এলাকায় টাস্কফোর্সের বিশেষ দল এই অভিযান পরিচালনা করে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে তাদের এই ধরনের নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং বিশেষ চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: