[email protected] ঢাকা | বুধবার, ১৭ই জুন ২০২৬, ২রা আষাঢ় ১৪৩৩
thecitybank.com

পুশ-ইনে বিএসএফকে সহায়তার অভিযোগ, গোমস্তাপুর সীমান্তে ৭ দালাল আটক

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৬ জুন ২০২৬, ১৩:৫৬

গোমস্তাপুর থানা। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সহযোগিতা করার অভিযোগে সাতজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

সোমবার (১৬ জুন) রাতে ও দিবাগত শেষ রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই রোকনপুর সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দা হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি। বর্তমানে তাদের গোমস্তাপুর থানা হেফাজতে রাখা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। এ সময় আটককৃতরা ওই নারীকে বাংলাদেশে আসতে অবৈধভাবে সহায়তা করছিলেন। বিষয়টি টের পেয়ে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিক পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করেন এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেন। পরে দিবাগত রাত ৪টার দিকে আটককৃতদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে বিজিবির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনকে আটক করে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুশ-ইনে বিএসএফকে সহযোগিতার অভিযোগে বিজিবি চারজনকে আটক করে থানায় সোপর্দ করেছিল। পরবর্তীতে একই ঘটনার সূত্র ধরে পুলিশ আরও তিনজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

এদিকে ১৬ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্তে যেকোনো ধরনের পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কড়া নজরদারি অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিজিবি সম্পূর্ণ বদ্ধপরিকর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর