প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৬, ১৬:১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৫। গতকাল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি এলাকা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১২ টায় গণ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব।
র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ এপ্রিল বিকেল ৪টার দিকে র্যাবের একটি আভিযানিক দল নিয়মিত টহল ও অবৈধ অস্ত্র-মাদক উদ্ধারের উদ্দেশ্যে বের হয়। বিকেল পৌনে ৬ টার দিকে স্থানীয় জনগণের মাধ্যমে র্যাব জানতে পারে যে, নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাবুপুর মিরাটুলি মিয়া পরিবারের পারিবারিক কবরস্থানের সীমানার কোণায় একটি সন্দেহজনক ব্যাগ পড়ে আছে।
সংবাদ পেয়ে র্যাবের টহল দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে থাকা একটি কাপড়ের বাজার করার ব্যাগ তল্লাশি করে। তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ ইঞ্চি দৈর্ঘ্যের ১টি দেশীয় তৈরি বন্দুক, ২টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব আলামত সন্ধ্যা পৌনে ৭ টার দিকে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ইফতেখার হোসেন মাহমুদ জানান, অভিযান চলাকালীন কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এই ঘটনার নেপথ্যে জড়িতদের শনাক্ত করতে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: