প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৬, ২০:৩৭
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নানার সাথে তাফসির শুনতে গিয়ে নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেত থেকে শরিফা খাতুন (০৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। রবিবার (০৫ এপ্রিল) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ভিক্টিমের আপন দুলাভাইকেও আটক করেছে পুলিশ।
এদিন রাত ০৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ।
নিহত শিশু শরিফা গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। এছাড়া আটককৃত ব্যাক্তি হলেন, তার আপন দুলাভাই একই উপজেলার লালপুরের বাসিন্দা অন্তর।
পুলিশ সুত্রে জানা যায়, শরিফা খাতুন তার নানার সঙ্গে মকরমপুর গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে আসে এবং গত শুক্রবার (০৩ এপ্রিল) সেখানে আয়োজিত তাফসির মাহফিলে অংশ নেয়। এরপর বিকেল আনুমানিক ৪টার দিকে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তার পরিবার তাকে খুঁজাখুঁজি শুরু করেন এবং তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি দায়ের করে। এরপর ছায়া তদন্ত শুরু করে পুলিশ এবং আজ রবিবার বিকেলে একটি ধানখেতে থেকে শরিফার মরদেহ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ.এম.এন ওয়াসিম ফিরোজ বলেন, নিখোঁজ এক শিশুর মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভিক্টিমের আপন দুলাভাই অন্তরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতিও চলছে বলেও জানান তিনি।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: