[email protected] ঢাকা | বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে শ্রমিকদল নেতাসহ পাঁচজন আটক

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:২৪

সেনাবাহীর অভিযানে আটক৫, ইনসেটে হারুনুর রশিদের নির্বাচনী প্রচারণায় শ্রমিকদল নেতা রিপন হোসেন। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সেনাবাহিনীর মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে শ্রমিক দলের নেতাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সদর উপজেলার মৃধাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটককৃতরা হলেন, মৃধাপাড়া গ্রামের রঞ্জু আলীর ছেলে মোঃ আব্দুল আজিজ (২৮), একই গ্রামের খালেকের ছেলে মোঃ জিহাদ (২০), সবুর আলীর ছেলে মিন্টু আলী (৪২), রিপন হোসেন (৪৬) এবং সাহাপুর গ্রামের মোঃ সিদ্দীকের ছেলে শাকিল হোসেন (২৩)। তাদের মধ্যে রিপন হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সহ-সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানা যায়।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেঙ্গল ক্যাভালরির একটি টহল দল মৃধাপাড়া এলাকার একটি বাড়িতে এই ঝটিকা অভিযান চালায়। এ সময় মাদক কেনাবেচার অভিযোগে ৫ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা এবং সাইকেলের যন্ত্রাংশ দিয়ে তৈরি একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটকের পর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ একরামুল হক নাহিদ। অপরাধের গুরুত্ব বিবেচনায় তিনি আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। এর মধ্যে মোঃ আব্দুল আজিজ ও মিন্টু আলীকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মোঃ জিহাদ, শাকিল হোসেন ও রিপন হোসেনকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও সাজাপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ একরামুল হক নাহিদ জানান, আজকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে পাঁচজনকে সাজা দেওয়া হয়েছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর