[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

ইউপি নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে প্যানেল তৈরির নির্দেশ ইসির

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৩ নভেম্বার ২০২৬, ২১:৩৬

প্রতীকি ছবি

আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের উপযোগী কর্মকর্তা-কর্মচারীদের তালিকা সংগ্রহ করতে বলা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকদের তালিকা সংগ্রহ করে প্যানেল প্রস্তুত করতে হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পদভিত্তিক তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে হবে।

ইসির নির্দেশনা অনুযায়ী, প্রিজাইডিং অফিসার হিসেবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা এবং ক্ষেত্রবিশেষে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা যাবে। এ ছাড়া সরকারি ও সরকার অনুমোদিত কলেজ, মাদরাসা, উচ্চবিদ্যালয়ের শিক্ষক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা ও করপোরেশনের কর্মকর্তাদেরও প্যানেলে রাখা যাবে।

সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, সরকারি কলেজ ও মাদরাসার ডেমনস্ট্রেটর বা কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

অন্যদিকে, পোলিং অফিসার হিসেবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কলেজ ও মাদরাসার কর্মচারী এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের তালিকাভুক্ত করা যাবে। প্রয়োজনে বেসরকারি ব্যাংক, বীমা, বিশ্ববিদ্যালয় ও নির্ভরযোগ্য বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরও প্যানেলে রাখা যাবে।

নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, জাতীয় বেতন স্কেলের ১৭ থেকে ২০ গ্রেডের কোনো কর্মচারীকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ বা প্যানেলভুক্ত করা যাবে না। একই সঙ্গে কোনো রাজনৈতিক দলের সদস্যকে কোনো অবস্থাতেই প্যানেলে অন্তর্ভুক্ত করা যাবে না।

এ ছাড়া যেসব কর্মকর্তা-কর্মচারী বা শিক্ষকের সততা, দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে বিতর্ক রয়েছে, তাদেরও ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে প্যানেলভুক্ত না করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্যানেল তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মদক্ষতা, সততা, সাহস ও নিরপেক্ষতার পাশাপাশি পদমর্যাদা, জ্যেষ্ঠতা, বেতন স্কেল ও মূল বেতন বিবেচনায় নিতে বলা হয়েছে। প্রয়োজনে বয়স, শারীরিক ও মানসিক অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যও সংগ্রহ করতে হবে।

মহিলা ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পর্যাপ্তসংখ্যক নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে প্যানেলে অন্তর্ভুক্ত করার নির্দেশনাও দিয়েছে নির্বাচন কমিশন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত সংখ্যার চেয়ে ১০ শতাংশ অতিরিক্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের তালিকা প্রস্তুত করতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর নিয়োগপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা ওই প্যানেল থেকে বিধি অনুযায়ী ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করবেন।

এ ছাড়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, নিয়ন্ত্রণ কক্ষ, নির্বাচনি তথ্য ও ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র এবং ভোটকেন্দ্রের পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণসহ নির্বাচনসংশ্লিষ্ট অন্যান্য দায়িত্ব পালনের জন্য পৃথক প্যানেল প্রস্তুতের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, নির্দেশনার অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, পুলিশের মহাপরিদর্শক, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এ ছাড়া বিভাগীয় কমিশনার, পুলিশের উপমহাপরিদর্শক, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এবং সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছেও অনুলিপি পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের কার্যক্রম সম্পন্ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের অনুরোধও জানানো হয়েছে।

 

ডেস্ক/ই.ই

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর