প্রকাশিত:
১৬ নভেম্বার ২০২৬, ২২:২৭
আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ নভেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলার ১ হাজার ১০০টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১ হাজার ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩ ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫০ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন বা এর কিছু সময় আগে-পরে তফসিল ঘোষণা করা হতে পারে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।
ইসি সানাউল্লাহ বলেন, বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। এ ছাড়া নির্বাচন ঘিরে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে। প্রাথমিকভাবে তিন ধাপে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি দ্বিতীয় ধাপে একই বছরের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে আগামী বছরের ২৭ মে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: